TheBangladeshTime

বইমেলায় এলো জবির পাঁচ লেখকের নতুন ৪ বই

2026-03-01 - 15:04

অমর একুশে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত চারটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে বাংলা একাডেমির গ্রন্থ মোড়ক মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইগুলোর মোড়ক উন্মোচন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। বইগুলোর মধ্যে রয়েছে—সমাজবিজ্ঞান বিভাগের ড. আশেক মাহমুদ ও অধ্যাপক ড. ফারহানা জামানের লেখা ‘স্মার্টফোন এডিকশন ইন বাংলাদেশ: হাউ স্কুল চিল্ড্রেন আর এফেক্টড’। বইটিতে সমসাময়িক সমাজে স্মার্টফোন আসক্তি এবং স্কুল শিক্ষার্থীদের ওপর বহুমাত্রিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহর লেখা ‘বাংলা ভাষা ও সাহিত্যে হাদিস চর্চা’ বইয়ে দৈনন্দিন জীবনে হাদিসের গুরুত্ব ও বাংলা ভাষা-সাহিত্যে এর প্রভাব তুলে ধরা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেজবাহ-উল আজম সওদাগরের লেখা ‘ক্লাইমেট ডিপ্লোম্যাসি অব বাংলাদেশ: ট্রেন্ডস অ্যান্ড ইস্যু’ বইটিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ন্যায্যতা ও অভিযোজনভিত্তিক অবস্থান গবেষণাভিত্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালামের লেখা ‘ভয়েস ফরম দ্য মারজিনস: কমিউনিটি জার্নালিজম অ্যান্ড ডেভেলপমেন্ট রিয়ালিটিজ ইন বাংলাদেশ’ গ্রন্থে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপন, উন্নয়ন-সংকট ও সম্ভাবনা মূলধারার গণমাধ্যমে কতটা প্রতিফলিত হয়, তা বিশ্লেষণ করা হয়েছে। শহরকেন্দ্রিক ও বাণিজ্যিক প্রাধান্যের কারণে গ্রামীণ বাস্তবতা আড়ালে থেকে যাওয়ার বিষয়টি এ বইটিতে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থে প্রান্তিক মানুষের অভিজ্ঞতা ও বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার ওপর বইটিতে আলোকপাত করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণাভিত্তিক এসব প্রকাশনা শিক্ষার্থীদের পাঠ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষকদের জন্য সহায়ক হবে। ভবিষ্যতে আরও মানসম্পন্ন প্রকাশনা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অনেকাংশে তার নিজস্ব প্রকাশনার ওপর নির্ভরশীল। লেখকদের মেধা, শ্রম ও সময়ের বিনিয়োগে সৃষ্ট এসব প্রকাশনা বিশ্ববিদ্যালয়ের গৌরব সমৃদ্ধ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জবি স্টল সাজসজ্জা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিএইচকিউ/এমকেআর

Share this post: