মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন নুরুল হক নুর
2026-02-17 - 05:26
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল হক নুর নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন। তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবেন। তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ। তিনি বলেন, ‘নুরকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’ নুর জাতীয় রাজনীতিতে পরিচিতি পান ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। এরপর থেকেই তিনি ভিপি নুর নামে পরিচিতি পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নুর পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে ট্রাক প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। এখানে তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী ও ছাত্রদলের সাবেক নেতা হাসান মামুন, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহ আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মু. আবু বক্কর ছিদ্দিকীকে পরাজিত করেন। ফলে ভিপি নুর এখন এমপি নুর হিসেবে সংসদে যাচ্ছেন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে নুর ও তার দল সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি শেখ হাসিনার শাসনামলে একাধিকবার হামলা, মামলা ও কারাবরণের শিকার হন। অন্তর্বর্তী সরকারের সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তার ওপর হামলার অভিযোগ ওঠে। সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের ৯৪ প্রার্থী ট্রাক প্রতীকে অংশ নেন। এর মধ্যে নুর ছিলেন বিএনপি জোটের প্রার্থী। সারাদেশে ট্রাক প্রতীক মোট প্রদত্ত ভোটের শূন্য দশমিক ৩৩ শতাংশ ভোট পায়। নির্বাচনে জয়ের পর সম্প্রতি এলাকার উন্নয়ন পরিকল্পনা, দলীয় অবস্থান ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি। একই সঙ্গে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও তিনি নিজের অবস্থান তুলে ধরেছিলেন। এবার সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিচ্ছে। প্রতিমন্ত্রী হিসেবে শপথের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে তার নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এমডিএএ/একিউএফ