ওপেন হার্ট সার্জারি শেষে বাসায় ফিরছেন ফজলুর রহমান বাবু
2026-03-03 - 12:14
দেশের অন্যতম সফল অভিনেতা ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন এবং মঙ্গলবার (৩ মার্চ) হাসপাতাল থেকে বাসায় ফেরার কথা রয়েছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালে। সেখানে এনজিওগ্রামের মাধ্যমে তার হৃদযন্ত্রে মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে ১৯ ফেব্রুয়ারি তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘ। বাবুর বরাত দিয়ে সংগঠনটি জানিয়েছে, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এদিকে অভিনেত্রী তমালিকা কর্মকার মঙ্গলবার তার বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় যাত্রা শুরু করেন ফজলুর রহমান বাবু। তিনি ‘আরণ্যক’ নাট্যদলের অন্যতম সদস্য। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’-এর মতো আলোচিত চলচ্চিত্র। নাটক, চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও রয়েছে তার সফল পদচারণা। এমএমএফ