TheBangladeshTime

হাসপাতালের ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযানে নামলেন এমপি

2026-03-09 - 15:04

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীর স্থলে কর্মরত আছেন মাত্র একজন। এতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী, স্বজন ও চিকিৎকরা। এ অবস্থায় হাসপাতালটিতে পরিষ্কার-পরিছন্নতা অভিযান চালিয়েছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আফজাল হোসেন। তিনি জামায়াতে ইসলামী থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পরিছন্নতা অভিযান শুরু করেন। চলে সাড়ে ১০টা পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিন মাস্টার, সহকারী সেক্রেটারি আবুল হাসান শমসের, কর্মপরিষদ সদস্য ও বাগুলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমদ, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ রানা প্রমুখ। সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ভবনের সামনে ফুলের বাগান। তার সামনে ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন এমপি আফজাল হোসেন ও তার দলীয় নেতা-কর্মীরা। তাদের হাতে সার্জিকাল গ্লাভস, মাথায় টুপি ও শরীরে গাউন। তারা বড় ঝাড়ু দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন। এসময় সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, জামায়াতে ইসলামীর আমির ঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। তার নির্দেশনায় কুষ্টিয়া-৪ আসনে সোমবার এ অভিযান শুরু করা হয়েছে। হাসপাতালসহ প্রতিটা প্রান্তর নিট অ্যান্ড ক্লিন করা হবে। তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীসহ হাসপাতালের জনবল সংকটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করার জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খালেক সাইফুল্লাহ বলেন, ওয়ার্ডবয় পদের তিনটি এবং একমাত্র মালি পদটিও শূন্য। নিরাপত্তাকর্মীর দুটি পদই শূন্য। পাঁচজন পরিচ্ছন্নতাকর্মী থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র একজন। এ অবস্থায় রোগী ও চিকিৎসকদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। নবনির্বাচিত এমপি হাসপাতালে পরিষ্কার-পরিছন্নতা অভিযান শেষে জনবল সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন। আল-মামুন সাগর/এসআর/এএসএম

Share this post: