একুশে পদক পাচ্ছে একটি হেভিমেটাল ব্যান্ড
2026-02-05 - 10:46
হেভিমেটাল ব্যান্ড হিসেবে ১৯৮৪ সালে যাত্রা শুরু করেছিল ‘ওয়ারফেজ’ নামের একটি গানের দল। ক্রমে জনপ্রিয় থেকে তারুণ্যের ক্রেজে পরিণত হয় দলটি। এ বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক পাচ্ছে সেই ‘ওয়ারফেজ’। আজ (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যাত্রার শুরু থেকে ইংরেজি গান কাভার করত ওয়ারফেজ। কখনও কখনও তাদের গাইতে দেখা যেত রাজধানীর রাশান কালচারাল সেন্টারে। তখনকার আরেক গানের দল ফিডব্যাকের ভোকাল মাকসুদুল হকের পরামর্শে ইংরেজি ছেড়ে বাংলা গান শুরু করে দলটি। তারপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাদের। ১৯৯১ সালে দলের নামেই প্রকাশিত হয় প্রথম হেভিমেটাল গানের অ্যালবাম ‘ওয়ারফেজ’। বলা যায়, ওয়ারফেজের হাত ধরেই বাংলায় হেভিমেটাল জেগে ওঠে। ইংরেজি থেকে তরুণরা তখন বাংলা হেভিমেটালের দিকে মুখ ফেরায়। তাদের মুখে মুখে ফিরতে থাকে ‘একটি ছেলে’, ‘বসে আছি’ গানগুলো। বিস্ময় ছড়িয়ে পড়ে দিকে দিকে, বাংলায়ও রক গান হয়! এমআই/আরএমডি