TheBangladeshTime

আপনাকে গুম করা কি সংবিধান অনুসারে হয়েছিল, সালাউদ্দিন আহমেদকে মঞ্জু

2026-03-09 - 13:04

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জায়গায় একটি শঙ্কা তৈরি হয়েছে। জুলাই সনদে আমরা সবাই স্বাক্ষর করেছি এবং অঙ্গীকার করেছি যে এটি নিয়ে আদালতে কোনো প্রশ্ন তুলব না। কিন্তু এখন দেখা যাচ্ছে আদালত পর্যন্ত যাওয়া হয়েছে এবং এর পেছনে বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন। সোমবার (৯ মার্চ) দুপুরে ফেনীর ‘কিং অব ফেনী’ কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের প্রতি প্রশ্ন রেখে মঞ্জু বলেন, আপনার মতো একজন নেতা বেঁচে আছেন না মরে গেছেন, তা আমরা এক সময় জানতাম না। গুম করা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? আপনাকে নিয়ে যাওয়া কি সংবিধান অনুসারে হয়েছিল? সংবিধানের কোন অনুচ্ছেদের বলে তারেক রহমানকে দেশান্তরিত করা হয়েছে? তিনি আরও বলেন, সংবিধানে গুম বা ফিরে আসার কোনো অনুচ্ছেদ নেই, তবুও আপনারা ফিরে এসেছেন এবং জেল থেকে মুক্তি পেয়েছেন। মঞ্জু উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের সময় তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদ দেশের বাইরে থাকলেও তাদের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। তবে তাদের বর্তমান পদক্ষেপ যদি অভ্যুত্থানের বিপক্ষে যায়, তবে এর ফল ভোগ করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এবি পার্টির চেয়ারম্যান বলেন, ছেলে হারানো মায়ের চোখের পানি ও রক্তের বেদনা বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাবে না। সরাসরি আন্দোলনে অংশগ্রহণ না করার কারণে সরকারের অনেক পদক্ষেপ অভ্যুত্থানের পক্ষে না গিয়ে বিপক্ষে যাচ্ছে। জনআকাঙ্ক্ষার আলোকে দেশকে এগিয়ে নিতে এবং রাষ্ট্র সংস্কারে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি। ফেনীর বিগত নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ বলেন, নির্বাচন চলাকালীন আমাদের অন্তত ১০-১৩ জন নেতাকর্মীর ওপর নির্দয় হামলা চালানো হয়েছে। ঈগল প্রতীকের কেন্দ্র পরিচালকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শাহ আলম বাদল ও আবদুর রহিমের ওপর আক্রমণ করা হয়েছে। লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ভোট কেন্দ্রে তাকে হেনস্তা করার চেষ্টা করা হলে সেনাবাহিনী তাকে উদ্ধার করে। ফেনীতে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অসংখ্য অভিযোগ আমরা পাচ্ছি। বিএনপির এক ছাত্রনেতার চাঁদাবাজির বিষয়ে জেলা বিএনপির এক সিনিয়র নেতাকেও জানানো হয়েছে, কিন্তু তারাও এগুলো সামাল দিতে পারছেন না। এবি পার্টি ফেনীর আহ্বায়ক মাস্টার আসানুল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, সদস্য সচিব ফজলুল হক। আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/এএসএম

Share this post: