ক্যারিয়ারসেরা রেটিং, অভিষেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাহিবজাদা
2026-03-04 - 10:24
আইসিসির সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত বুধবারের তালিকায় পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান শীর্ষে থাকা ভারতীয় ব্যাটার অভিষেক শর্মার খুব কাছাকাছি চলে এসেছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে ইতিহাস গড়েছেন ফারহান। এক আসরে দুটি সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন তিনি। সুপার এইট পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে দুর্দান্ত শতক তাকে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে তুলে দিয়েছে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৮৪৮, যা তার ক্যারিয়ারসেরা। বিশ্বকাপে মোট ৩৮৩ রান সংগ্রহ করে ফিল সল্টকে পেছনে ফেলেছেন ফারহান এবং ভারতের অভিষেক শর্মার সঙ্গে ব্যবধান কমিয়েছেন। শীর্ষে থাকা অভিষেক শর্মা ফারহানের চেয়ে ২৬ রেটিং পয়েন্ট এগিয়ে আছেন। সুপার এইট পর্ব শেষে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। ভারতের ইশান কিশান (৭৮৩ পয়েন্ট) এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে এবং তিলক ভার্মা (৭৪৯ পয়েন্ট) ছয়ে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন। জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট বিশ্বকাপে ২৯২ রান করে ছয় ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন (১৩তম) ও এইডেন মার্করাম (১৬তম) র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী ১২ উইকেট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন এবং ১৮ পয়েন্টের সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। তবে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসে চাপ তৈরি করেছেন। ভারতের জাসপ্রিত বুমরাহ এক ধাপ এগিয়ে সপ্তম এবং অর্শদিপ সিং ছয় ধাপ লাফিয়ে ১৩তম স্থানে উঠেছেন। ইংল্যান্ডের লিয়াম ডসন নয় ধাপ এগিয়ে যৌথভাবে ১৪তম এবং দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি ছয় ধাপ এগিয়ে ২০তম স্থানে পৌঁছেছেন। টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা শীর্ষস্থান ধরে রেখেছেন। ভারতের হার্দিক পান্ডিয়া এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসে পাকিস্তানের সাইম আইয়ুবকে পেছনে ফেলেছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আট ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন। এমএমআর