TheBangladeshTime

মধ্যরাতে মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেলসহ আটক ৭

2026-03-29 - 05:20

শনিবার মধ্যরাতে মিয়ানমারে পাচারকালে ১ হাজার ৬০০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৭ পাচারকারীকে আটক করা হয়। শনিবার (২৮ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্টগার্ড। আটক ব্যক্তিরা হলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলার মো. রাসেল (২৯) ও মো. জহির (৩০), কক্সবাজারের কুতুবদিয়া এলাকার দেলোয়ার হোসেন (৩০), ফটিকছড়ি এলাকার মো. আক্কাস (৩১), কর্ণফুলী উপজেলার মো. জাবের (৩৩), ভোলার মো. জসিম (৩৫) ও চকরিয়া উপজেলার মো. জাকির হোসেন (৩৭)। কোস্টগার্ড জানায়, গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় একটি সন্দেহজনক ট্রলিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা এবং চারটি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৮ লাখ টাকা। অভিযানে জড়িত সাতজনকে আটক করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি বলেন, আটক ব্যক্তিরা অবৈধভাবে জ্বালানি ও সংশ্লিষ্ট পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন। কোস্টগার্ড আরও জানায়, জব্দ করা মালামাল ও ট্রলিং বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এমআরএএইচ/এসএনআর

Share this post: