TheBangladeshTime

আব্দুল কাদেরের ছড়া: শেকড়ের টানে

2026-03-05 - 07:04

মায়ের আঁচল ধরে খোকা বায়না ধরে ভারী, পরো তো মা আজকে তোমার লাল টুকটুকে শাড়ি। মামা বাড়ির মিষ্টি ফলের দারুণ মিঠা স্বাদ, মনে পড়লে জিভে জল আসে, বাড়ে যে আহ্লাদ। নেই পড়াশোনা, নেই কো তাড়া, অবাধ বিচরণ, কাঁচা-পাকা ফলের গন্ধে জুড়াবে এই মন। হাঁটবো পথে গান গেয়ে মা, লাগবে না তো গাড়ি, ছিপ ফেলে মাছ ধরবো দুজন, দেবো যে এক পাড়ি। মাসির সাথে খাবো মাগো টক-ঝাল-মিষ্টি, ভিজবো দুজন মনের সুখে, যদি নামে বৃষ্টি। মুড়ি-নাড়ুর মিষ্টি স্বাদে কাটবে বিকেল বেলা, আদরমাখা সেই উঠোনে নেই কোনো অবহেলা। আনারস আর আম-কাঁঠালের মিষ্টি রসের ঘ্রাণ, পিঠা-পুলি আর খেজুর রসে জুড়াবে এ প্রাণ। নানি যখন মাখবে আদর দুধ-কলা আর ভাতে, গল্প শুনে ঘুমিয়ে যাবো রূপকথারই রাতে। বলতে বলতে খোকন সোনার চোখে আসে জল, যাবে কি মা? ও মা তুই একটি কথা বল। মা হাসেন আর মাথায় হাত বুলিয়ে কন ধীরে, সামনে ছুটি, যাবো আমরা প্রাণের সেই নীড়ে। এসইউ

Share this post: