TheBangladeshTime

১৮ মার্চ ব্যাংক বন্ধ, পোশাকশিল্প এলাকায় সীমিত লেনদেন

2026-03-10 - 09:55

আগামী বুধবার (১৮ মার্চ) দেশের তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট কিছু এলাকায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে সীমিত পরিসরে চালু রাখা হবে ব্যাংকিং কার্যক্রম। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওইদিন দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে ঈদের আগে তৈরি পোশাকশিল্প খাতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে ১৮ ও ১৯ মার্চ সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। আরও পড়ুন সাধারণরা বঞ্চিত, নিজেদের মধ্যে নতুন নোট ভাগাভাগি কর্মকর্তাদের ঈদ উপলক্ষে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করা যাবে। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত আকারে কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সার্কুলারে আরও বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ইএআর/কেএসআর

Share this post: