স্বাধীনতার পর বাড়াবাড়ি করতে গিয়ে জাসদ হারিয়ে গেছে
2026-03-15 - 10:33
বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, জাসদও গেছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন। এনসিপির নেতাদের উদ্দেশে মনিরুল হক চৌধুরী বলেন, এনসিপির নেতা, বয়স কম হলেও শ্রদ্ধা করি, এই কারণে করি তারা সাহসী সন্তান। তারা এ যুগের চাহিদা। একটি কথা মনে করবেন, স্বাধীনতার পরও একটা মেধাবী শ্রেণি এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও (জাসদ) গেছে। আমাদের যেন সবকিছু হজম করার তৌফিক দেয়। জামায়াতের উদ্দেশে তিনি বলেন, ৯১’ সংসদে আপনাদের সঙ্গে কাজ করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনারা যখন প্রশ্ন করেন, মনে হয় এই দেশে ১৫ বছর, ২০ বছর বিএনপি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতি, দেশ, মানুষের, বিরোধী দলের অনেক বিরোধ উপেক্ষা করে জামায়াতের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। আপনাদের নেতা অধ্যাপক গোলাম সরোয়ার এই সংসদে একটা কথা বলেছেন, ‘যার জন্য শিরনি খাইলা, মোল্লা চিনলা না’। তিনি বলেন, আপনারা ৩০ বছর পর্যন্ত রাজনীতিকে নিয়ে এসেছেন, তার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানটুকু একটু স্মরণও করেন না; মনে করেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ। যেমন জাসদ মনে করতো আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ। তাতে দেশ ইতিহাস কোথায় গেছে, সেটা বিবেচনা করার মতো আপনাদের বুদ্ধি-বিদ্যা আছে। আল্লাহ জাতিকে কয়বার সময় দেবেন। আল্লাহ দিয়েও দেখেন, নিয়েও দেখেন। আরএএস/ইএ