হরমুজ প্রণালিতে টাগবোটে ক্ষেপণাস্ত্র হামলা, নিখোঁজ ৩
2026-03-08 - 09:35
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রাণালিতে ক্ষেপণাস্ত্র হামলার পর সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি টাগবোট ডুবে গেছে। এ ঘটনায় তিনজন ইন্দোনেশীয় নাবিক নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুসাফাহ-২ নামের টাগবোটটি শুক্রবার ডুবে যায়। এতে মোট সাতজন নাবিক ছিলেন, যাদের মধ্যে ইন্দোনেশিয়া, ভারত ও ফিলিপাইনের নাগরিকরা ছিলেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সাতজনের মধ্যে চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তিনজন ইন্দোনেশীয় নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়ার আগে জাহাজটিতে একটি বিস্ফোরণ ঘটে এবং পরে এতে আগুন ধরে যায় বলে জানানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে। নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক জানিয়েছে, মাল্টার পতাকাবাহী কনটেইনার জাহাজ সাফিন প্রেসটিজকে সহায়তা করতে যাওয়ার সময় টাগবোটটি দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ওই কনটেইনার জাহাজটিও বুধবার একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল বলে সংস্থাটি জানায়। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, উদ্ধার হওয়া একজন ইন্দোনেশীয় নাবিক বর্তমানে খাসাব শহরের একটি হাসপাতালে দগ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। বাকি তিনজন নিখোঁজ নাবিককে খুঁজতে স্থানীয় কর্তৃপক্ষ অনুসন্ধান অভিযান চালাচ্ছে। সূত্র: এএফপি এমএসএম