TheBangladeshTime

সয়াবিন তেল ‘সংকটে’ চাঁপাইনবাবগঞ্জ

2026-03-08 - 07:54

চাঁপাইনবাবগঞ্জে সয়াবিন তেল কিনতে ক্রেতাদের ভিড় বেড়েছে। বাজারে তেল সংকটের গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই আগেভাগে তেল মজুত করতে দোকানে ভিড় করছেন। এতে করে জেলার বিভিন্ন বাজারে সয়াবিন তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। ফলে সয়াবিন তেল সংকট দেখা দিয়েছে। রোববার (৮ মার্চ) সকালে চাঁপাইনবাগঞ্জের নিউ মার্কেটসহ শহরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, অনেক দোকানেই সয়াবিন তেল সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও আবার তেল না পাওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা। বাজারে তেলের সংকটের খবর শুনে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনতে দোকানে ভিড় করছেন অনেকে। এতে করে স্বল্প সময়ের মধ্যে দোকানের তেল শেষ হয়ে যাচ্ছে। মিস্ত্রী পাড়া মহল্লার বাসিন্দা আনারুল ইসলাম বলেন, ‘সকালে হঠাৎ দেখি বাসায় সয়াবিন তেল নেই। তাই ৫ লিটার সয়াবিন তেল কিনতে বাজারে এসেছি। কিন্তু কোথাও তেল পাওয়া যাচ্ছে না। এতে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে।’ নিউ মার্কেট এলাকার দোকানি জিয়াউর রহমান বলেন, সরবরাহ স্বাভাবিক থাকলেও একসঙ্গে অনেক ক্রেতা তেল কিনতে আসায় কিছু দোকানে সাময়িকভাবে সংকট দেখা দিয়েছে। এদিকে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন ভোক্তারা। তারা বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ বাজার-মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, প্রতিদিনই বাজারে মনিটরিং করা হচ্ছে। ভোজ্যতেলের সংকটের ব্যাপারে জানা নেই। এখন বাজার মনিটরিং কমিটির সভা চলছে। লোক পাঠিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সোহান মাহমুদ/এফএ/জেআইএম

Share this post: