বাংলাদেশের রিভিউ নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান, ম্যাচ রেফারির কাছে অভিযোগ
2026-03-16 - 14:04
সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে বাংলাদেশকে রিভিউ নেওয়ার অনুমতি দেওয়ায় অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে পাকিস্তান। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলকে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তান দলের দাবি, সেই ডেলিভারির রিপ্লে স্টেডিয়ামের বড় পর্দায় দেখানোর পরই বাংলাদেশ রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের মতে, এতে রিভিউ নেওয়ার ক্ষেত্রে নির্ধারিত প্রোটোকল ভঙ্গ হয়েছে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ঘটনাটি ঘটে। শেষ দুই বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১২ রান। রিশাদ হোসেন লেগ স্টাম্পের লাইনে বল করেন, যা টার্ন করে লেগ সাইড দিয়ে বেরিয়ে যায়। সেটিকে ওয়াইডের সংকেত দেন অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা। বাংলাদেশ রিভিউ নেয় লেগ বিফোরের জন্য। তবে পাকিস্তানের দাবি, রিভিউ নেওয়ার আগে বড় পর্দায় বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার রিপ্লে দেখানো হয়েছিল, যা খেলোয়াড়দের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। ডিআরএসের নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো রিপ্লে দেখানো উচিত নয়, যাতে ভিজ্যুয়াল তথ্য তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে না পারে। পাকিস্তানের অভিযোগ, এই নিয়ম মানা হয়নি। এছাড়া পাকিস্তানের আরও দাবি করে, বাংলাদেশ নির্ধারিত ১৫ সেকেন্ডের সময়সীমার পর রিভিউ নিয়েছে। যদিও টেলিভিশন সম্প্রচারে কোনো টাইমার দেখা যায়নি, ফলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ডিআরএসে বলটি আফ্রিদির ব্যাটের টো অংশে সামান্য স্পর্শ করেছিল দেখা যায়। ফলে বলটি ‘ওয়াইড’ হতে পারে না। বাংলাদেশ রিভিউ হারালেও আম্পায়ারের ওয়াইডের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। তখন পাকিস্তানের জয়ের জন্য শেষ বলে প্রয়োজন দাঁড়ায় ১২ রান। ফলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। শেষ ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে স্টাম্পড হয়ে যান আফ্রিদি। এতে ১১ রানের জয় পায় বাংলাদেশ এবং ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে। আইএন