TheBangladeshTime

ঈদের সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখালেন গায়িকা মাশা ইসলাম

2026-03-15 - 11:04

হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’ নামের সিনেমা। এই সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেছেন তরুণ গায়িকা মাশা ইসলাম। জানা গেছে, অডিশনের মাধ্যমে তাকে সিনেমাটির একটি চরিত্রের জন্য চূড়ান্ত করেন নির্মাতা তানিম নূর। মাশা ইসলাম জানান, তিনি তানিম নূরের নির্মাণের ভক্ত। বিশেষ করে তার নির্মিত উৎসব দেখার পর সেই আগ্রহ আরও বেড়ে যায়। শুরুতে তিনি সিনেমাটির নেপথ্যে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে পরিচালক তাকে পর্দায় অভিনয়ের প্রস্তাব দেন। পরে একটি চরিত্রের জন্য অডিশন দিলে তাকে চূড়ান্ত করা হয়। তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শরীফুল রাজ, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর এবং এ কে আজাদ সেতু। মাশা ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলেন, ‘ছোট একটি চরিত্র। অনেকটা ক্যামিওর মতো। নাম লিলি। চিত্রার বান্ধবী। গল্পের একটা পর্যায়ে তাকে দেখা যায়। আমি অনেক মুভি দেখি। ফিল্মের আর্টটাকেও পছন্দ করি। সবসময় ইচ্ছা ছিল সুযোগ পেলে অভিনয়ের চেষ্টা করব। খুব আনন্দিত যে ‘বনলতা এক্সপ্রেসে’র মতো বিশেষ একটি কাজের সঙ্গে শুরু হলো।’ চরিত্রটির জন্য প্রস্তুতি কেমন ছিল জানিয়ে তিনি বলেন, ‘‘কিছুক্ষণ’ উপন্যাসটি পড়েছি। প্রতিটি ক্যারেক্টার সম্পর্কে জেনেছি। ইমোশনগুলো বোঝার চেষ্টা করেছি। শুটিং সেটে বাকিটা হয়েছে। আমি কাজটি করে আরাম পেয়েছি।’ অভিনয়ে নিয়মিত হবেন কি না জানতে চাইলে বলেন, ‘যদি ভালো করি তাহলে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে। আমার দ্বারা যদি হয় তাহলে চেষ্টা করব। কেননা নিজেকে এক্সপ্লোর করতে চাই। ভালো ভালো প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে চাই। এদিকে সম্প্রতি ‘শ্রাবণী রোদ’ নামে মাশার একটি একক গান বের হয়েছে। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে গানটি। এছাড়া নারী দিবসে ‘নারী বাড়ি যায়’ নামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি ঈদের নাটকের কিছু গানও গেয়েছেন মাশা। এলআইএ

Share this post: