TheBangladeshTime

বাঘ বিধবা ভাতা চালুর দাবি সংসদে

2026-03-15 - 06:45

বাঘ বিধবা ভাতা চালুর দাবি জানিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ দাবি জানান তিনি। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এক প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে এ দাবির কথা জানান তিনি। গাজী নজরুল ইসলাম বলেন, আমার এলাকা কোস্টাল বেল্ট এলাকা। সুন্দরবন সন্নিহিত এলাকায় আমাদের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ লোক জঙ্গলে তাদের জীবিকা নির্বাহ করেন। এতে তারাও উপকৃত হন, সরকার অনেক ট্যাক্স পায়। এই জঙ্গলে যারা বাঘের পেটে চলে যায়, মানে পরিবারের পুরুষ মানুষ মারা গেলে তাদের স্ত্রী বিধবা হলে তাকে বাঘ বিধবা বলা হয়ে থাকে। আরও পড়ুন এক ‘বাঘ-বিধবা’র দুঃখগাথা আওয়ামী লীগ শাসনামলের ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে ‘আমাদের সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সময়ে বাঘ বিধবা ভাতা এবং তার পরিবারের সদস্যদের ভরণপোষণের জন্যে একটা প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত হয়েছিল। তার কাগজপত্র আমার কাছে আছে। সেখানে জমি অধিগ্রহণও করা হয়েছিল। একটা ঘর তৈরি করে, প্রতিষ্ঠান তৈরি করে তাদের লেখাপড়া শেখার ব্যবস্থা করারও চিন্তা করা হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা আর সামনে এগোয়নি।’ তিনি বলেন, আমি বর্তমান মন্ত্রীর কাছে দাবি করতে চাই, আমার এলাকায় বাঘ বিধবাদের জন্য আলাদা কোনো ভাতার ব্যবস্থা করবেন কি না? তাদের ভরণপোষণ, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য যে প্রতিষ্ঠানটা করার পরিকল্পনা হয়েছিল সেটা বাস্তবায়ন করবেন কি না? আরএএস/কেএসআর

Share this post: