TheBangladeshTime

মধ্যপ্রাচ্যে এয়ারফিল্ড বন্ধ: শাহ আমানতে ১১টি ফ্লাইট বাতিল

2026-03-04 - 08:04

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ বাতিল হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি ও এয়ার আরাবিয়ার ৬টি ফ্লাইট। এর মধ্যে দুইটি ফ্লাইটের রওয়ানা এবং তিনটি আগমনী ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে কিছু ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করছে। সালাম এয়ার মাস্কাট থেকে আসা OV-401 ফ্লাইট সকাল ৭:৫৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে, OV-402 ফ্লাইটে ৯টায় পুনরায় মাস্কাটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আসা BG-136 ফ্লাইট সকাল ৮:৪০ মিনিটে অবতরণ করে ৯:৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের মাস্কাট থেকে আসা BS-322 ফ্লাইট সকাল ৯টায় অবতরণ করে ৯:৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিমানবন্দরে মোট ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এমআরএএইচ/এসএনআর

Share this post: