TheBangladeshTime

নির্বাচনের কারণে আইপিএল সূচিতে অনিশ্চয়তা

2026-02-27 - 15:53

ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগের ১৯তম আসর শুরুর তারিখ দুয়েকদিন পিছিয়ে যেতে পারে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এখনও চূড়ান্ত সূচি নির্ধারণ করেনি। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও আগামী ২৮ মার্চ শুরুর সম্ভাবনাই বেশি। বিবেচনায় রাখা হয়েছে ২৯ মার্চকেও। আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গত ডিসেম্বরে আবুধাবিত অনুষ্ঠিত নিলামের সময় ফ্র্যাঞ্চাইজগুলোকে জানানো হয়েছিল, টুর্নামেন্ট শুরু হবে ২৬ মার্চ। টুর্নামেন্ট উইন্ডো ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত। তবে ফাইনাল ম্যাচও এক-দুই দিন পেছানো হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো না হলেও, আইপিএল দলগুলোর মধ্যে সূচি সামান্য পেছানোর গুঞ্জন চলছে। চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন — তামিলনাড়ু, কেরালা, আসাম ও পশ্চিমবঙ্গ। এই জটিলতার কারণেই এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। নির্বাচনের সম্ভাব্য তারিখ আইপিএলের কিছু ভেন্যুর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। মূল পরিকল্পনা ছিল, ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) নির্বাচনের তারিখ ঘোষণা করার পর পূর্ণ সূচি প্রকাশ করা হবে। তবে সময় দ্রুত ফুরিয়ে আসায় এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর চাপ বাড়ায় বিসিসিআই প্রথমে আংশিক সূচি প্রকাশ করতে পারে। পরে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হলে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে। এ ধরনের পদক্ষেপ নতুন নয়। ২০১৯ সালে দেশের সাধারণ নির্বাচনের সময়ও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ইঙ্গিত মিলছে যে মার্চের প্রথম সপ্তাহেই আংশিক বা প্রাথমিক সূচি প্রকাশ করতে পারে বোর্ড। আইএন

Share this post: