ভারতে মহড়া শেষে ফেরার পথে ইরানি যুদ্ধজাহাজে হামলা, নিখোঁজ শতাধিক
2026-03-04 - 12:04
ভারতে আন্তর্জাতিক নৌ-মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলে হামলার শিকার হয়েছে ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা। বুধবার (৪ মার্চ) ভোরে একটি সাবমেরিন থেকে চালানো টর্পেডো বা ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি ডুবে গেছে বলে প্রাথমিক সূত্রে দাবি করা হয়েছে। দুর্ঘটনায় জাহাজের ১৮০ জন নাবিকের মধ্যে অন্তত ১০১ জন নিখোঁজ রয়েছেন। বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে লঙ্কান কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মৌজ-ক্লাস এই ফ্রিগেটটি ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত বহুজাতিক নৌ-মহড়া ‘মিলান ২০২৬’-এ অংশ নিয়েছিল। মহড়া শেষ করে ইরানে ফেরার পথেই এটি হামলার শিকার হয়। উল্লেখ্য, এই মহড়ায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো দেশগুলোও অংশ নিয়েছিল। উদ্ধার অভিযান ও হতাহত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ পার্লামেন্টে জানিয়েছেন, জাহাজটি গল বন্দর থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেছে। লঙ্কান নৌ ও বিমান বাহিনীর যৌথ অভিযানে এ পর্যন্ত ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের গল শহরের রাষ্ট্রীয় কারাপিতিযা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও অন্তত ১০১ জন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। হামলার কারণ নিয়ে ধোঁয়াশা শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র নিখোঁজের সংখ্যা এবং সাবমেরিন হামলার খবরটি সরাসরি নিশ্চিত না করলেও, সরকারি প্রতিরক্ষা সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, জাহাজটিতে শক্তিশালী সাবমেরিন হামলা চালানো হয়েছে। তবে কোন দেশ এই হামলার নেপথ্যে রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। গত কয়েকদিন ধরে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সরাসরি সংঘাতের প্রেক্ষাপটে এই ঘটনাকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে দেখা হচ্ছে। সূত্র: রয়টার্স, এনডিটিভি কেএএ/