বাবার ক্লাবেই কি নতুন অধ্যায়? রিয়ালের ট্রায়ালে রোনালদো জুনিয়র
2026-03-25 - 16:10
পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রকে ঘিরে আবারও জোর আলোচনা শুরু হয়েছে স্পেনের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে। মাত্র ১৫ বছর বয়সী এই তরুণ ফুটবলার মঙ্গলবার মাদ্রিদের বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলন করেছেন, যা তার রিয়াল মাদ্রিদে সম্ভাব্য অন্তর্ভুক্তির ইঙ্গিতই দিচ্ছে। মাদ্রিদের যুব দলে ‘ক্যাডেতে-এ’ পর্যায়ে অনুশীলন করেন রোনালদো জুনিয়র। অনুশীলনে তাকে উইঙ্গার বা আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে পরীক্ষা করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, তিনি আরও কয়েকদিন ভালদেবেবাসে অনুশীলন চালিয়ে যাবেন। এ পর্যবেক্ষণের ভিত্তিতেই তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসর একাডেমির হয়ে খেলছেন। ২০২২ সালের ডিসেম্বরে তার বাবা রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই তিনি সেখানে খেলছেন। যদি রিয়াল মাদ্রিদে যোগ দেন, তাহলে বাবার পথ অনুসরণ করেই রোনালদো জুনিয়রের ক্যারিয়ার এগোবে। এর আগে তিনি ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইতালির জুভেন্টাসের যুব দলেও খেলেছেন। আন্তর্জাতিক পর্যায়ে, যুক্তরাষ্ট্রে জন্ম হলেও রোনালদো জুনিয়র বেছে নিয়েছেন বাবার দেশ পর্তুগালকে। গত বছরের মে মাসে প্রথমবারের মতো তিনি পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পান এবং জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেকও হয় তার। এরপর থেকে নিয়মিতভাবেই পর্তুগালের বয়সভিত্তিক দলে নিজের অগ্রগতি ধরে রেখেছেন। রোনালদো জুনিয়রের রিয়াল মাদ্রিদে সম্ভাব্য অন্তর্ভুক্তি নতুন করে আরেকটি প্রশ্নও সামনে নিয়ে এসেছে- তাহলে কি তার বাবা আবার মাদ্রিদে ফিরবেন? বর্তমানে রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তি রয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। ৪১ বছর বয়সেও তিনি পেশাদার ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করার লক্ষ্য নিয়ে খেলছেন। বর্তমানে তার গোল সংখ্যা ৯৬৫টি। তবে ছেলের সম্ভাব্য মাদ্রিদ যাত্রা পুরো পরিবারের স্পেনে ফিরে আসার পথও খুলে দিতে পারে। যদিও রোনালদো জুনিয়রের জন্য ক্লাবের নিজস্ব আবাসন ব্যবস্থায় থাকার সুযোগও থাকবে। আগামী জুনে তার বয়স হবে ১৬ বছর। তখন থেকে তিনি যুব পর্যায়ের আরও উচ্চ স্তরে খেলার জন্য উপযুক্ত হয়ে উঠবেন। সব মিলিয়ে, রোনালদো জুনিয়রের এই নতুন অধ্যায় শুরু হতে পারে মাদ্রিদের বিখ্যাত ফুটবল একাডেমিতে, যেখানে তার প্রতিটি পদক্ষেপ এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইএইচএস/