রাজশাহীতে সামারি কোর্টের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা
2026-03-04 - 13:13
রাজশাহী নগরীর বিভিন্ন মিষ্টির দোকান ও কাপড়ের মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণে সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বুধবার (৪ মার্চ) বিকেল ৩টায় সাহেব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ। অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ওজনে কম দেওয়া এবং একটি পণ্যে বিএসটিআই অনুমোদন না থাকায় নবরূপ মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অতিরিক্ত মূল্যে দই বিক্রি করায় মৌচাক মিষ্টি ভান্ডারকে ১০ হাজার এবং কাপড়ের দোকান শেখ গার্মেন্টস ক্রয় রশিদ দেখাতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সিএমএম কোর্টের নাজির সোহেল রানা বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়মিত সামারি কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অপরাধ আইনের আওতায় এনে রাজশাহী মহানগরকে আরও নিরাপদ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সাখাওয়াত হোসেন/এএইচ/এএসএম