TheBangladeshTime

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে ১০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার

2026-03-14 - 09:44

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে উত্তর কোরিয়ার সানান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় এবং সেগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরের দিকে পড়ে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্রগুলোর সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বিশ্লেষণ করছে বলে জানানো হয়েছে। এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ প্রায় ৮০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল এবং জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে পড়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এই ঘটনাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনকারী উসকানি হিসেবে আখ্যা দিয়েছে এবং পিয়ংইয়ংকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন সময় করা হলো যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলছে, যা ১৯ মার্চ পর্যন্ত চলবে এবং এতে প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নিচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দীর্ঘদিন ধরে এ ধরনের মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়ে আসছেন। তার বোন ও ঘনিষ্ঠ সহযোগী কিম ইও জং সম্প্রতি সতর্ক করে বলেছেন, এই মহড়া কল্পনাতীত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দিকে বিশ্ববাসীর মনোযোগ থাকার সময় উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিজেদের উপস্থিতি ও সামরিক সক্ষমতা দেখানোর একটি প্রচেষ্টা হতে পারে। সূত্র: এএফপি এমএসএম

Share this post: