TheBangladeshTime

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের

2026-02-25 - 11:23

পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানীর সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই দাবি জানান। শফিকুর রহমান বলেন, ওই ঘটনায় দেশের ৫৭ জন চৌকস ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনাটি ছিল জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। ঘটনার আগে পরিকল্পিতভাবে বিভিন্ন কর্মকর্তাকে পিলখানায় পোস্টিং দেওয়া হয়েছিল—কাউকে এক মাস আগে, কাউকে তিন মাস আগে। এরপরই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তিনি বলেন, ওই ঘটনার পর দুটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল—একটি সেনাবাহিনীর পক্ষ থেকে এবং অন্যটি তৎকালীন সরকারের পক্ষ থেকে। তবে কোনো তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনগণের সামনে প্রকাশ করা হয়নি। তদন্ত প্রতিবেদন প্রকাশিত হলে অনেক অজানা তথ্য সামনে আসতে পারত। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরও একটি তদন্ত কমিশন গঠন করা হলেও সেই প্রতিবেদনও এখনো প্রকাশিত হয়নি জানিয়ে শফিকুর রহমান বলেন, পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় জাতি নিশ্চিতভাবে জানতে পারছে না যে, পুরো সত্য উদঘাটিত হয়েছে কি না। নেপথ্যের পরিকল্পনাকারী, উসকানিদাতা ও প্রত্যক্ষ হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। সুষ্ঠু বিচার হলে জাতির দায়মুক্তি হবে, অন্যথায় তা সরকারের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে। এমএমএ/এমএমকে

Share this post: