বইমেলার সমাপনী দিন আজ, দেওয়া হবে পুরস্কার
2026-03-15 - 08:33
আজ ১৫ মার্চ অমর একুশে বইমেলার সমাপনী দিন। আজ মেলা শুরু হয়েছে দুপুর ২টায়। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের মতো বইমেলার পর্দা নামবে। একই সঙ্গে গুণিজন স্মৃতি পুরস্কার দেওয়া হবে। বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রতিবেদন উপস্থাপন করবেন অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্য সচিব ড. মো. সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। আরও পড়ুন বইমেলা নিয়ে আসে একরাশ আনন্দের বার্তা অনুষ্ঠানে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে। এ বছর চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার পাবে কথাপ্রকাশ; মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পাবে ঐতিহ্য, প্রথমা প্রকাশন এবং দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড; রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার পাবে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড; সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার পাবে সহজ প্রকাশ; শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার পাবে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স; মাত্রা প্রকাশ এবং বেঙ্গলবুকস। সমাপনী দিনে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। আরও পড়ুন দিনে নীরব বইমেলায় ভিড় বাড়ছে সন্ধ্যায় গত ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা উদ্বোধন করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলে সর্বসাধারণের জন্য মেলার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’। নির্বাচন ও রমজান মাসকে কেন্দ্র করে বইমেলা অনুষ্ঠান ছিল চ্যালেঞ্জের। এবারের বইমেলায় অংশগ্রহণ করেছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রকাশনার স্টল বসে। মোট ইউনিট আছে ১ হাজার ১৮টি। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরের আয়োজন করা হয়। সেখানে স্টল বরাদ্দ পায় ৮৭টি লিটল ম্যাগ। এসইউ