টঙ্গীতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস কাউন্টারে অভিযান, জরিমানা
2026-03-19 - 14:30
ঈদকে সামনে রেখে গাজীপুরে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত আসনের বেশি যাত্রী পরিবহন এবং টিকিট প্রদানে ভোগান্তির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে অভিযানকালে এসব অনিয়মের দায়ে বিভিন্ন বাস কাউন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী স্টেশন রোড-সংলগ্ন বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক। অভিযানকালে একাধিক কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা এবং যাত্রীদের হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানকালে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কাউন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়। এ সময় কাউন্টার কর্তৃপক্ষকে নির্ধারিত ভাড়া তালিকা প্রদর্শন, অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ এবং যাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম