TheBangladeshTime

বাবা-মায়ের সঙ্গে গঙ্গাস্নানে নেমে শিশু নিখোঁজ

2026-03-26 - 12:31

ব্রাহ্মণবাড়িয়ায় বাবা-মায়ের সঙ্গে গঙ্গাস্নান করতে তিতাস নদীতে নেমে অর্পনা সূত্রধর (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে অবশেষে বিকেলে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ডুবুরিরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে গোকর্ণঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ অর্পনা সূত্রধর জেলা সদরের কলেজপাড়া ডিসি এসপি রোড এলাকার অমৃত সূত্রধরের মেয়ে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের লিডার রাজা মিয়া জানান, ভোর থেকে গোকর্ণঘাট এলাকায় তিতাস নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান শুরু হয়। এতে অসংখ্য মানুষ অংশ নেয়। এসময় বাবা-মায়ের সঙ্গে আসা অর্পনা সূত্রধর নামের এক শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারে নেমে ব্যর্থ হয়। পরে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে ডুবুরি দল এসে অভিযান চালায়। দিনব্যাপী অভিযান চালিয়ে তারাও উদ্ধার করতে পারেনি। বিকেলে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আবুল হাসনাত মো. রাফি/এএইচ/জেআইএম

Share this post: