TheBangladeshTime

ঈদের খুশিতে টাইগাররা: কেউ গ্রামে, কেউ বিদেশে

2026-03-21 - 06:01

আজ পবিত্র ঈদুল ফিতর। ত্যাগের মহিমায় দেশজুড়ে বইছে উৎসবের হাওয়া। মাঠের ব্যস্ততা পেছনে ফেলে ঈদের এই আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কেউ ফিরেছেন শিকড়ের টানে গ্রামে, কেউবা আবার বিদেশের মাটিতেই পরিবার নিয়ে মেতেছেন উৎসবে। সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই পরিবারের সঙ্গে ঈদ পালন করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের সঙ্গে দেখা গেছে পেসার আল আমিন হোসেনকেও। দুই সতীর্থ মিলে বিদেশের মাটিতেই ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। অন্যদিকে, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পবিত্র ওমরাহ পালন করতে বর্তমানে সৌদি আরবে রয়েছেন। সেখান থেকেই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। টেস্ট অধিনায়ক লিটন দাস ও অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। শিকড়ের টানে নিজের জন্মস্থান পঞ্চগড়ে ঈদ করছেন পেসার শরীফুল ইসলাম। মাটির গন্ধে ফেরার তৃপ্তি নিয়ে তিনি লিখেছেন, "মাটির গন্ধ আর বাতাসের ছোঁয়ায় সুখের জীবনটা পাওয়া যায়।" ঈদের সকালে ছেলের সঙ্গে ছবি দিয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন এই বাঁহাতি পেসার। দীর্ঘদিন পর দলে ফেরা আফিফ হোসেন দিনটিকে কৃতজ্ঞতা ও আত্মসমালোচনার দিন হিসেবে অভিহিত করেছেন।হাসান মাহমুদ, নাহিদ রানা, শরিফুল ইসলামরা নিজ নিজ গ্রামেই ঈদ পালন করছেন। এ ছাড়া তাসকিন আহমেদ ঢাকাতে পালন করছেন ঈদ, বাবা ছেলেকে নিয়ে ঈদগাহে নামাজ আদায় করেছেন তিনি। এছাড়া বগুড়ায় রিকশায় চড়ে ঈদগাহে গিয়ে নজর কেড়েছেন মুশফিকুর রহিম। তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ ও নাহিদ রানাদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন ভক্তরা। সব মিলিয়ে মাঠের তারকারা এখন উৎসব আর প্রার্থনায় মগ্ন। এসকেডি/এএসএম

Share this post: