TheBangladeshTime

ইরান যুদ্ধের কারণে মার্কিন সমর্থন হারাতে চায় না ইউক্রেন: জেলেনস্কি

2026-03-15 - 09:54

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সমর্থন হারাতে চায় না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকদের এসব কথা বলেছেন। খবর এএফপির। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের এই শীর্ষ নেতা বলেন, আমরা আমেরিকানদের হারাতে চাই না। তারা ‌‘নিঃসন্দেহে বর্তমানে মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত’। জেলেনস্কি বলেন, আমরা ইউক্রেনের ড্রোন দক্ষতা ভাগ করে নেওয়ার প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের সাহায্য করার জন্য আমাদের আগ্রহ প্রকাশ করছি এবং আমরা দৃঢ়ভাবে আশা করি যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারনে যুক্তরাষ্ট্র ইউক্রেনের যুদ্ধের প্রশ্নে মুখ ফিরিয়ে নেবে না। এদিকে ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা করেছে ইরান। তেহরানের দাবি, ইসরায়েলকে ড্রোন সহায়তা দেওয়ার মাধ্যমে ইউক্রেন কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘ইসরায়েলি সরকারকে ড্রোন সহায়তা দিয়ে ব্যর্থ ইউক্রেন কার্যত যুদ্ধে প্রবেশ করেছে এবং এর মাধ্যমে তারা নিজেদের পুরো ভূখণ্ডকে ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।’ তবে এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে ড্রোন সহায়তা দেওয়ার কথা স্বীকার করেনি। তবে দেশটি কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সামরিক বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে। টিটিএন

Share this post: