TheBangladeshTime

কিছু জায়গায় অনিয়ম ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে: আসিফ মাহমুদ

2026-02-12 - 16:26

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কিছু জায়গায় কিছু অনিয়ম এবং জনগণকে ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হয়েছে। এছাড়া কিছু জায়গায় সিল মেরে ব্যালট বক্স ভরাসহ কিছু অনিয়মের তথ্য এসেছে। তবে সামগ্রিকভাবে সারাদেশের যে নির্বাচনি চিত্র- আমরা মনে করছি যে যথেষ্ট সুষ্ঠুভাবে ভোট হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, যে অনিয়ম হয়েছে সেটাকেও কোনোভাবেই অবহেলার চোখে দেখার সুযোগ নেই। আমরা আহ্বান জানাবো ইসিসহ যারা দায়িত্বশীল আছেন সবাই সংশ্লিষ্ট ওই আসনগুলোর গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। ওই আসনগুলোর বিষয়ে জনগণের পক্ষে রায় দেবেন। তিনি আরও বলেন, আমরা এখন ১১ দলীয় জোটের নেতাকর্মীদের প্রতি সারাদেশে যারা সারাদিন দায়িত্ব পালন করেছেন, কষ্ট করেছেন- সবার প্রতি আহ্বান জানাতে চাই, কিছু কেন্দ্রের ফলাফল দেখে কোনোভাবেই যদি আমরা এগিয়ে থাকি তাহলে অন্য কেন্দ্রগুলো ছাড়া যাবে না। আপনাদের অবশ্যই কেন্দ্রে অবস্থান করতে হবে। চূড়ান্ত ফলাফল আসা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে। এনএস/কেএসআর

Share this post: