TheBangladeshTime

প্লেনের ভেতর বিড়ি জ্বালানোয় যাত্রীর বিরুদ্ধে মামলা

2026-03-09 - 10:54

প্লেনের ভেতর বিড়ি জ্বালানোর অভিযোগে এক যাত্রীর বিরুদ্ধে মামলা করেছে ভারতের পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৭ মার্চ) দিল্লি থেকে গোয়া যাওয়ার পথে আকাসা এয়ারের একটি ফ্লাইটে। অভিযুক্ত যাত্রীর নাম আশীষ। তিনি দিল্লির বাসিন্দা। পুলিশের তথ্যমতে, প্লেনের টয়লেটের ভেতরে ওই যাত্রী বিড়ি জ্বালিয়ে ধূমপান করেন। পরে তার কাছে একটি লাইটারও পাওয়া যায়, যা প্লেনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত। এই ঘটনায় আকাসা এয়ারের অভিযোগের ভিত্তিতে গোয়ার মোপা বিমানবন্দর থানায় ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং বেসামরিক বিমান নিরাপত্তা সংক্রান্ত আইনের বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আকাসা এয়ার জানিয়েছে, ফ্লাইটের ক্রুরা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং গোয়ায় অবতরণের পর অভিযুক্ত যাত্রীকে কর্তৃপক্ষের হাতে তুলে দেন। পুলিশ বলছে, এই ঘটনায় প্লেনের অন্যান্য যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সূত্র: দ্য হিন্দু কেএএ/

Share this post: