মানিকগঞ্জে বাজারে আগুন, পুড়লো ১৯ দোকান
2026-03-05 - 08:54
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৯টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও ৮টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি হোটেলের পাশে পেট্রোল ও অকটেনের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। সজল আলী/এফএ/এএসএম