সংসদ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
2026-03-15 - 08:23
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার জাতীয় সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক বেলা ১১টায় শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে তিনি উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন। সংসদের এই অধিবেশন শুরু হয়েছিল গত ১২ মার্চ। সংবিধানের বিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয় এবং রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এদিকে সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে। অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলতে পারে বলে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান অধিবেশনে সরকারি কার্যসূচি, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে সংসদ সদস্যদের বক্তব্য উপস্থাপনের কথা রয়েছে। কেএইচ/এমআরএম