TheBangladeshTime

শরীয়তপুরে মন্দিরের দানবাক্স ভেঙে লাখ টাকা চুরির অভিযোগ

2026-02-18 - 08:43

শরীয়তপুরে মন্দিরের দুটি দানবাক্স ভেঙে অর্থ চুরির অভিযোগ পাওয়া গেছে। দানবাক্স দুটিতে অন্তত একলাখ টাকা ছিলো বলে দাবি করেছেন মন্দির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে শহরের পালং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রথমে বাইরের দানবাক্সটি ভাঙা দেখতে পান পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী। এরপর তিনি ভেতরে প্রবেশ করলে দেখতে পান মন্দিরের গ্রিল কাটা ও ভেতরের দানবাক্সটিও ভেঙে টাকা চুরি হয়েছে। এছাড়া পাশের কালিমন্দিরের লোহার গ্রিলের তালা ভাঙা দেখতে পান তিনি। বিষয়টি স্থানীয়দের জানালে তারা এসে পুলিশকে খবর দেয়। মন্দিরের দানবাক্সদুটিতে অন্তত একলাখ টাকা ছিলো দাবি করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ। বিষয়টি নিয়ে শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরের সভাপতি মুকুল চন্দ্র রায় বলেন, রাতের আধারে মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও আমাদের মন্দিরে চুরি হয়েছে, বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কাউকে আটক করতে পারেনি। ফলশ্রুতিতে আবারও মন্দিরে চুরি হলো। তিনি আরও বলেন, কয়েকদিন আগে মন্দিরের অনুষ্ঠান হয়েছে, ভক্তরা দুটি দানবাক্সে কমপক্ষে লাখ টাকা দক্ষিণা দিয়েছিলেন। আমরা চাই অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক। এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিধান মজুমদার অনি/এমএন/এমএস

Share this post: