TheBangladeshTime

ইসরায়েলের কাছে তথ্য পাচারের অভিযোগে ইরানে গ্রেফতার ২০

2026-03-15 - 11:54

ইসরায়েলের সঙ্গে সহযোগিতার সন্দেহে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ২০ জনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের বরাতে রোববার (১৫ মার্চ) এ তথ্য জানা গেছে। পশ্চিম আজারবাইজান প্রদেশে ইসরায়েল-সংশ্লিষ্ট নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। প্রদেশটির প্রসিকিউটর হোসাইন মাজিদি জানান, তারা সামরিক, আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা স্থাপনার তথ্য ইসরায়েলের কাছে পাঠাচ্ছিলেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানজুড়ে একাধিক অভিযানে শত শত মানুষকে আটক করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর সংঘাতের সূচনা হয়। এরপর থেকেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা আরও জানায়, কোয়াজভিন প্রদেশে একজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি লন্ডনভিত্তিক টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালে তথ্য পাঠাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি নিষিদ্ধ স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি স্টারলিংক ব্যবহার করছিলেন। এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের কোম্পানি স্পেসএক্স পরিচালনা করে এবং এটি ইরানে নিষিদ্ধ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এজন্য অনেকেই বিকল্প হিসেবে স্টারলিংক ব্যবহার করার চেষ্টা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: এএফপি এমএসএম

Share this post: