TheBangladeshTime

কামরাঙ্গীরচরে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ

2026-03-19 - 09:00

রাজধানীর কামরাঙ্গীরচরে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে অজ্ঞাতপরিচয় (৩৭) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিনগত রাতে সেখানকার লোহার ব্রিজ টু সেকশন ব্রিজ এলাকার ময়লার ডিপোর সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী জানান, খবর পেয়ে রাত ১টার দিকে সেখানকার ময়লার ডিপোর সামনের বিদ্যুতের খুঁটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি ওই এলাকায়ই থাকতেন। রাতে ঝড়বৃষ্টির মধ্যে পড়ে অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এসআই আক্কাস আলী জানান, আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। কাজী আল-আমিন/এমকেআর

Share this post: