সব হারিয়েছে ইরান. স্থল অভিযান সময়ের অপচয়: ট্রাম্প
2026-03-06 - 06:13
ইরানে চালানো ইসরায়েল-মার্কিন যৌথ হামলার পর ‘এন্ড গেম’ নামক স্থল অভিযানের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এর জবাবে নিজেদের প্রস্তুত এবং মার্কিন বাহিনীর জন্যে অপেক্ষায় থাকার কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। তবে সেই ‘এন্ড গেম’ খেলা সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ইরান ইতোমধ্যেই তার সামরিক সক্ষমতার প্রায় সবকিছু হারিয়ে ফেলেছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, স্থল অভিযান নিয়ে কথা বলা সময়ের অপচয়। তারা (ইরান) সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। হারানোর মতো আর কিছুই তাদের অবশিষ্ট নেই। ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ট্রাম্প বলেন, আমরা ইরানে গিয়ে সবকিছু পরিষ্কার করে দিতে চাই। আমরা এমন কাউকে চাই না যে পুনর্গঠন করতে ১০ বছর সময় নেবে। আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের নজরে এমন কিছু মানুষ আছেন যারা এই কাজটি খুব ভালোভাবে করতে পারবেন। তবে তিনি নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি। এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এনবিসি নিউজকে বলেন, মার্কিন বা ইসরায়েলি বাহিনী যদি ইরানে স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তবে তা হবে একটি বিশাল বিপর্যয়। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, আমরা তাদের মোকাবিলা করতে সক্ষম। আমরা তাদের জন্য অপেক্ষা করছি। মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী, গত কয়েক দিনের অভিযানে ইরানের ৩০টিরও বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বি-২ বোম্বারের হামলায় ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। মানবিক সংকট: গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ৯৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে মিনাবের স্কুলে হামলার ঘটনায় ১৬৮ ছাত্রী নিহতের ঘটনাও রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি কে এম