পুরুষরা কি বাড়িতে ইতেকাফে বসতে পারেন?
2026-03-08 - 09:35
প্রশ্ন: পুরুষরা কি বাড়িতে ইতেকাফে বসতে পারেন? উত্তর: ইতেকাফের জায়গা মূলত মসজিদ। তাই মসজিদে ইতেকাফের সুযোগ থাকা অবস্থায় মসজিদ ছাড়া নিজের বাড়ি বা অন্য কোনো জায়গায় ইতেকাফ শুদ্ধ হয় না। নারীদের ক্ষেত্রে বিশেষ ওজর থাকার কারণে তাদেরকে বাড়িতে ইতেকাফের অনুমতি দেওয়া হয়। পুরুষদের যেহেতু সে রকম কোনো ওজর নেই, তাই বাড়িতে পুরুষদের ইতেকাফ শুদ্ধ হয় না। কোনো পুরুষ যদি ইতেকাফের মানত করে, তাহলে তার জন্য কোনো মসজিদে ইতেকাফে বসে ওই মানত পূরণ করা ওয়াজিব। রমজানের সুন্নত ইতেকাফ বা অন্য সময়ের নফল ইতেকাফও পুরুষদের মসজিদেই করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইতেকাফের সঙ্গে মসজিদকে সম্পৃক্ত করে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তোমরা মসজিদে ইতেকাফরত অবস্থায় স্ত্রী সহবাস করো না। (সুরা বাকারা: ১৮৭) রমজানের শেষ দশ দিনের একটি গুরুত্বপূর্ণ আমল ইতেকাফ। রমজানের শেষ দশকের ইতেকাফ শরিয়তে সুন্নতে মুআক্কাদা কেফায়া। কোনো মহল্লা বা এলাকা থেকে একজন ইতেকাফ করলে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে। কেউ ইতেকাফ না করলে সবাই গুনাহগার হবে। আবু হোরায়রা (রা.) বলেন, নবীজি (সা.) প্রতি রমজানে দশ দিন ইতিকাফ করতেন। যে বছর তিনি ইন্তিকাল করেন, ওই বছর তিনি বিশ দিন ইতিকাফ করেছিলেন। (সহিহ বুখারি) এ ছাড়া সারা বছরই নফল ইতেকাফ করা যায়। ইতেকাফের মানত করলে তা পূরণ করা ওয়াজিব। ওয়াজিব ইতেকাফে রোজা রাখা বাধ্যতামূলক। ওএফএফ